চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলেখাচর মিয়ামী হোটেল থেকে তাদের আটক করা হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) এমরান সালেহ প্রিন্সের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাত ১২ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে কুমিল্লা হাইওয়ের ‘হোটেল মায়ামি’ থেকে ডিবি পুলিশ চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৪ নেতাকে আটক করেছে।
এদিকে মোশাররফ হোসেন দীপ্তির স্ত্রী নিহার সুলতানা বলেন, ‘ঢাকার মতিঝিল থানার একটি মামলার হাজিরা ছিল বুধবার সকাল ১০টায়। তিনি সেই মামলার হাজিরা দিতেই গত রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। তখন তাকে ডিবি পুলিশ আটক করে ।
এর আগে, গত ১৬ জানুয়ারি ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। এ সময়ে নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
