বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
পরশ বলেন, বিএনপি-জামায়াতের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, মানুষ পুড়িয়ে মারা এবং স্বাধীনতার পক্ষকে ধূলিসাৎ করার যে রাজনীতি করেছে, তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, এ দেশের মানুষের ওপর আবারও আঘাত হানার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে। নৈরাজ্য ও অপরাজনীতি করার চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে।
যুবলীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে আশ্রয়ণ প্রকল্প, পদ্মা সেতু, মেট্রোরেল, শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ আরও অনেক অর্জন। শুধু তাই নয়, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গিবাদ মুক্ত ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত আওয়ামী লীগের আমলেই হয়েছে।
পরশ বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা এখন বিশ্ব জানে। শেখ হাসিনা এখন সারা বিশ্বের রোল মডেল। তার উন্নয়নের কৌশল এবং পদ্ধতি বিশ্বের অনেক দেশ অনুসরণ করে।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের শিখরে চলে গেছে। আওয়ামী লীগ এই উন্নয়নের ধারা সমুন্নত ও অব্যাহত রাখব।
