চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু সৈয়দ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) সকালে সাতকানিয়া-বাঁশখালী সংযোগ সড়কের ডলুব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সৈয়দ কক্সবাজারের রামু থানাধীন গর্জনিয়া মাঝিপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৯টার দিকে ডলুব্রিজের কাছে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় ওই যুবক রাস্তায় ছিটকে পড়েন। এসময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
