কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত আসামি হরকাতুল জিহাদ-হুজির সদস্য মোঃ আবুল হোসেন খোকন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।
শুক্রবার ৬ জানুয়ারি সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে আবুল হোসেন খোকন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কারাগারের জ্যেষ্ঠ সুপার মোঃ আমিরুল ইসলাম।
তিনি বলেন, ৫৫ বছরের মো. আবুল হোসেন খোকন ২০০৬ সাল হতে এই কারাগারে আছেন। তার হাজতি নম্বর- ২১৮৩/১৬। সকাল ৭ টার দিকে কারাগারে অচেতন হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় মুকসুদপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, তাকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল।
মোঃ আবুল হোসেন খোকন বরিশাল কোতোয়ালি থানার রাজধর এলাকার খালেকের ছেলে।
