সাতকানিয়ায় ১৬ বছরের বাক প্রতিবন্ধী এক কিশোরী গৃহকর্মীকে ঘরে কাজ দেওয়ার কথা বলে শ্লীলতাহানির অভিযোগে গৃহকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে থানায় মামলা দায়েরের পর পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়া এলাকার মৃত জিয়াবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫৫) ও বাঁশখালী সরল ইউনিয়নের মিনিঝিরি এলাকার এয়াকুব নবীর ছেলে ওসমান গনি (৩৯)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকার একটি কলোনীতে তিন ভাই দুইবোনসহ বসবাস করে ওই কিশোরী। বাবা অসুস্থ হওয়ায় মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসারে অর্থের যোগান দেয় সামান্য বাক প্রতিবন্ধী ওই কিশোরী। গত ১ জানুয়ারি কলোনীতে এসে গৃহকর্মী খোঁজাখুঁজি করে অভিযুক্ত ওসমান গনি। তখন তার সঙ্গে কথাবার্তা পাকা করে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার বাদশা মিয়ার বাড়িতে কাজে দেয়। পরদিন সকালে এসে তাকে নিয়ে যায় ওসমান গণি। একই দিন রাত ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে শ্লীলতাহানি করে বাদশা মিয়া। এক পর্যায়ে কিশোরী চিৎকার চেঁচামেচি করলে কিশোরীকে ওদিন ছেড়ে দেয় বাদশা। পরে ওই কিশোরী কান্নাকাটি করতে থাকলে পরদিন তাকে আবার বাড়ি পৌঁছে দেয় ওসমান গণি। বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানালে স্থানীয়দের নিয়ে
ওসমাণ গণিকে আটক করে চন্দনাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে চন্দনাইশ থানা পুলিশ সাতকানিয়া থানায় খবর দিলে ওসমাণ গণিকে হেফাজতে নিয়ে বাদশা মিয়াকেও গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় গৃহকর্তাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরীকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে।
