রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ টি মামলায় ৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টা হতে ৫ টা পর্যন্ত কাপ্তাই সড়কের রেশমবাগান পুলিশ চেকপোস্ট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সড়কে হেলমেট বিহীন, ফিটনেসবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোটরসাইকেল, হালকা যানবাহন এবং পিকনিকগামী ১৫ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
প্রসঙ্গতঃ গত কয়েক দিনে এই উপজেলায় বিশেষ করে মোটরসাইকেলেই কয়েকটা সড়ক দূর্ঘটনা সংঘটিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা হয়েছে বলে ইউএনও মুনতাসির জাহান জানান।
