কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গোল করেছেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ১০ মিনিটে পেনাল্টি পায় আকাশি-নীলরা। গোল করতে ভুল করেননি অধিনায়ক মেসি।
এরপর ২২ মিনিটে আবারো জালে বল জড়ান মেসি। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। প্রথমার্ধে ৭ বার অফসাইডের কবলে পড়ে আর্জেন্টিনা। নইলে গোল সংখ্যা আরো বেশি হতে পারতো।
গোলপোস্ট বরাবর ৫ শট নিয়ে, ২টি লক্ষ্যে রাখতে পেরেছে আর্জেন্টিনা। অন্যদিকে গোলের উদ্দেশ্যে এখন পর্যন্ত একটি শটও নিতে পারেনি সৌদি আরব।
বিশ্বকাপ আসরে ফেভারিট দলগুলোর একটি আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে এবারের আসরের প্রথম ম্যাচে সৌদির মুখোমুখি আকাশি-নীলরা। ফর্ম ধরে রেখে দাপুটে শুরুর লক্ষ্যে মাঠে নেমেছেন লিওনেল মেসিরা।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে সৌদি আরব। শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য; সব দিকেই আর্জেন্টিনা থেকে যোজন-যোজন পিছিয়ে দেশটি। তবে এসব পরিসংখ্যান নিয়ে একদমই ভাবছেন না দলটির কোচ এহবি হোনাহ।
অবিশ্বাস্য কিছু করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবাক করে দেওয়ার লক্ষ্য মধ্যপ্রাচ্যের দেশটির। ১৯৯৪ আসর দিয়ে প্রথমবার বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়ে তারা উঠেছিল শেষ ষোলোতে। এখন পর্যন্ত সেটাই তাদের সর্বোচ্চ অর্জন।
অন্যদিকে ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলা ১৩ দলের একটি ছিল আর্জেন্টিনা। ২২ আসরের মধ্যে স্রেফ চারটিতে খেলেনি তারা। যার মধ্যে তিনটি থেকে সরে দাঁড়িয়েছিল লাতিন আমেরিকার দলটি। ১৯৭০ সালের পর বিশ্ব মঞ্চে নিয়মিত ১৯৭৮ ও ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা।
মেসির সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগে থাকবেন ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। নিশ্চিতভাবে মেসিকে ঘিরেই আক্রমণের মূল পরিকল্পনা সাজাবেন স্কালোনি।
লিওনেল মেসি বলেন, আশা করি যে ভাবে এত দিন খেলে এসেছি, সে ভাবেই খেলতে পারব। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করছি। সেটা মাঠে আমাদের খেলার ফল দেখেও বোঝা যাচ্ছে। বিশ্বকাপ প্রথম ম্যাচ বরাবরই কঠিন। তার ওপর এবার অনেকে প্রথম বিশ্বকাপ খেলছে। তাই নার্ভ ধরে রাখা কঠিন। প্রথম পাঁচ মিনিটের পর আশা করি আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারব। প্রতিপক্ষকে সমীহ করেই নামব আমরা।
সৌদি আরবের আক্রমণভাগের প্রাণ সালেম আল দাউসারি ও সালেহ আল সেহরি। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ গোল দাউসারির। ১০ গোল দিয়ে এরপরই সেহরির অবস্থান। টপ-স্কোরার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও নজর কাড়েন সেহরি।
মিডফিল্ডার সালমান আল ফারাজ সৌদির সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার। ক্যাপ্টেনসির দায়িত্বও তার কাঁধে। ফিটনেস শঙ্কা থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে থাকছেন ফারাজ।
