চট্টগ্রাম নগরীর ইপিজেডে বাসার ছাদের পানির ট্যাঙ্ক থেকে সর্জিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই তার স্বামী আত্মগোপনে থাকায় গৃহবধূকে স্বামীই খুন করে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় একটি ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সর্জিনা আক্তার পটুয়াখালির বাউফল উপজেলার কেশবপুর এলাকার ওয়াহিদুল গাজীর মেয়ে এবং মো. হাসানের স্ত্রী। তার স্বামী পেশায় একজন নির্মাণ শ্রমিক।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই গৃহবধূর স্বামী তার ৭ মাস বয়সী শিশু সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে বলে তার স্ত্রী ফিরলে যেন সন্তানকে তার কাছে দিয়ে আসে। এর একদিন পর শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের সাধারাণ ডায়েরি (জিডি) করেন তিনি নিজেই। পরে আজ শনিবার ওই বাসার মালিক পানির ট্যাঙ্কের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ওই ভবনের ভাড়াটিয়ারা ছাদে উঠে পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি খেয়াল করলে ভবন মালিককে জানান। পরে ওই ভবনের মালিক ট্যাঙ্ক খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্যাঙ্ক থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলেছে।
