১৪ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, সৃষ্টির সব কিছুর ঊর্ধ্বে মানুষ, আমরা যে যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছি।
তিনি আরো বলেন, মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে সাংসদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রীর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আশীর্বাদ কামনা করেন এমপি ভান্ডারী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, সহকারী কমিশনার (ভুমি) এটিএম কামরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
