রাউজানের একটি খালের স্লুইসগেটে প্রায় চার ঘণ্টার বেশি সময় আটকে ছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। দীর্ঘক্ষণ ধরে সেখানে আটকে থাকলেও লাশটি উদ্ধারে কেউ এগিয়ে আসেননি।
৩ অক্টোবর (সোমবার) সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে এ ঘটনা ঘটে। লাশটি উপুড় অবস্থায় পানিতে ভেসে থাকায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এ কারণে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ধূসর ও হলুদ রঙের টি–শার্ট, খয়েরী রঙের গেঞ্জি আর জিনস প্যান্ট ছিল। প্যান্টের পেছনের অংশে মানিব্যাগ দেখা যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে কর্ণফুলী নদীর ৩০০ ফুট দূরত্বের সংযোগ খালের স্লুইসগেটে লাশটি আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। থানা–পুলিশকেও বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে ভাটার সময় লাশটি ভেসে কর্ণফুলী নদীতে চলে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ খবর পায়, স্লুইসগেটে এক যুবকের লাশ আটকে আছে। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ততক্ষণে লাশটি ভেসে চলে গেছে।
