সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া চালককে উদ্ধার করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ডস্থ এস কে এম জুটমিল এলাকায় চট্টগ্রাম মুখী একটি কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ। আটকা পড়ে যায় কাভার্ডভ্যান চালক মো. রাকিবুল হাসানের শরীরের কোমর থেকে নীচের অংশ। অনেকক্ষণ আটকে থাকার পরও কোন উদ্ধার কার্যক্রম না থাকায় মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
একই পথে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। তিনি ঘটনাটি দেখতে পেয়ে তাঁর গাড়ি দাঁড় করে দ্রুত স্থানীয়দের নিয়ে কাভার্ডভ্যানে আটকে থাকা চালককে উদ্ধারের চেষ্টা শুরু করেন খবর দেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকেও। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। একই সময় উদ্ধার কার্যক্রম এগিয়ে আসেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনা বিষয়টি দেখে গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আটকে পড়া চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে যান চলাচলও স্বাভাবিক হয়।
