চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাছিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ (পনের) শতক জমি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এর নেতৃত্বে পাঁচলাইশ থানার এস.আই শুভ্র মুকুলসহ পুলিশ সদস্যদের সহায়তায় ১০ (দশ) কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, উক্ত সম্পত্তি অবাঙ্গালী নেছার আহমদ পিং- আবদুল কাদের সাং- অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকার এর নামে (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে।

উক্ত জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং- ৪-১৫৫/১৭ তাং- ২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমি দস্যুচক্র উক্ত ভূমিতে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক এর নেতৃত্বে আজ (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় সরকারি জমি দখল বুঝে নেন এবং সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেন।
অবৈধ নির্মাণ সামগ্রীগুলো অদ্য তারিখের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
আজকের মধ্যে মালামাল সরিয়ে নিবেন বলে জনৈক হুমায়ুন কবির নামক ব্যক্তি অঙ্গিকারনামা প্রদান করেন। সরকারি আদেশ অমান্য করে রাজবাড়ী হোল্ডিং লিমিটেড নামের ডেভেলপার কোম্পানি জায়গাটিতে স্থাপনা নির্মাণ করছিলো।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক চট্টগ্রাম নিউজকে জানান, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যে কেউ হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি।চট্টগ্রাম জেলার মহানগর ও উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে। এই কয়েকদিনে ভূমিদস্যুদের কাছ থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি।
ভূমিদস্যুদের লোলুপতা থেকে সরকাররী জায়গা উদ্ধারের জন্যে এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
