চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার রিকশাচালক মো. সোহেল (২৭) ও একই এলাকার মো. রহিম (২৬)।
এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পিযূষ কুমার চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে “নারীর শ্লীলতাহানীর উদ্দেশ্যে কথা ও অঙ্গভঙ্গি করার অপরাধে” দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী মো. সোহেলকে ১৫ দিন ও তার সহযোগী রহিমকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ইউএনও পিযূষ কুমার চৌধুরী বলেন, রিক্সা চালক সোহেল ও তার সহপাঠী রহিম বেশ কিছুদিন ধরে মেয়েটাকে বিরক্ত করতেছে। মেয়েটাকে স্কুলে যাওয়ার পথে তাদের রিক্সাতে উঠতে বাধ্য করে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন এই ধরনের ঘটনায় কোনো রকম ছাড় দেওয়া হবে না যে হউক। এর মাধ্যমে সমাজ ও অভিভাবকদের কাছে এই বার্তা পৌঁছে যাক মেয়েরা নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারবেন।
