নিখোঁজের দু’দিন পর খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদী থেকে লকডুম কুমার ত্রিপুরা (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের মন্দির ঘাট এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
লকডুম কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তেকুম্বা পাড়ার বাসিন্দা নবীন কুমার ত্রিপুরার ছেলে।
লকডুম কুমারের বড় ভাই রশি কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেল থেকে তার ভাই নিখোঁজ রয়েছে । পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ রবিবার বিকেলে রামগড় সীমান্তে ফেনী নদীর পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ আত্মীয়-স্বজনের হাতে তুলে দেওয়া হবে। এ ব্যাপারে রামগড় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
