চার জেলার চা শ্রমিকদের দুঃখ-কষ্ট আর নানা দাবি-দাওয়ার কথা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে শ্রমিকদের দিয়েছেন আশ্বাস। বিশেষ করে শ্রমিকদের সবাই নিজ নিজ ঘর পাবেন বলে ঘোষণা দিয়েছেন সরকারপ্রধান।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ভিডিও কনফারেন্সে মৌলভীবাজারের পাত্রখোলা,হবিগঞ্জের চন্ডিছড়া, সিলেটের লাক্কাতুরা , চট্টগ্রামের ফটিকছড়ির চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
চা শিল্প যেন ধ্বংস না হয় সেজন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী চা শিল্পকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। নিম্ন আয়ের মানুষ যেন তা চলতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকদের বিষয় সবসময় সরকারের মাথায় রয়েছে। সবার মৌলিক চাহিদা যেন পূরণ হয় সেজন্য ব্যবস্থা নিচ্ছে সরকার।
ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের পক্ষ থেকে তাদের মজুরি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। চা শ্রমিকরা এ সময় প্রধানমন্ত্রীকে সিলেটে চা এর দাওয়াত দেন। প্রধানমন্ত্রী এ সময় চা বাগানের মালিকদের ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, মালিকরা বাড়ানো মুজুরি কার্যকরসহ তাদের দিয়ে যাওয়া কথা রাখবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে উপস্থিত হয়েছেন জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। এছাড়াও রয়েছেন চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা, ভ্যালী নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।
গত ৯ আগস্ট থেকে ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা দৈনিক মজুরি করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।
এরপর ২৭ আগস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হয়। বৈঠকের পর নতুন মজুরি ১৭০টাকার ঘোষণা আসে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফেরেন চা শ্রমিকরা।
এরপর চা-শ্রমিকদের সুখ-দুঃখ ও দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবির প্রেক্ষিতে শনিবার (৩ সেপ্টেম্বর)-এর এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
সবশেষে বিকাল সাড়ে ৫টার দিকে ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগনের শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাদের দাবী দাওয়া শুনে বাস্তবায়নের আশ্বাস দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মুনিনুর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দীন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপত সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ জেলার ২১টি চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ।
