চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১৫ পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার কালীপুর এলাকায় বিএনপি একটি মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানের মৃত্যুর প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়। এর আগে তারা একই দাবিতে একটি সমাবেশ করে।
চট্টগ্রামের বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এস এম আরিফুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাঙচুর করতে চেয়েছিল। তখন তাদের বলি রাস্তায় ওঠা যাবে না। এরপরই বিএনপি নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে।
তিনি আরও বলেন, তাদের হামলায় আমি, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন, এসআইসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান আরিফুর রহমান।
