ডিজেল, পেট্রোল ও অকটেন দাম পুনঃনির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই আদেশ বিবাদীদের কাছে পৌঁছাতে বলেছেন আদালত। রিটে জ্বালানি সচিব, উপ-সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদেশের বিষয়ে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ৮ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জারি করা সরকারি প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া বিশেষ বার্তার মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে এই আদেশ বিবাদীদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রিটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত ও বাতিল চাওয়া হয়েছে। জ্বালানি সচিব, জ্বালানি উপ সচিব ও বিইআরসির চেয়ারম্যানকে রিটে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ৫ আগস্ট রাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকার পরিবর্তে খুচরা মূল্য (১ লিটার) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা দরে বিক্রয় হবে।
