চট্টগ্রামের হাটহাজারীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে মোঃ জাহেদ (১৯) এবং মোঃ ইব্রাহীম (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ৩ টায় হাটহাজারী কলেজমাঠ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ৫ আগস্ট ২২ ইং বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী কলেজমাঠ এলাকা থেকে জাহেদ এবং ফটিকছড়ির বিবির হাট এলাকা থেকে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, হাটহাজারীর স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাবা একটি বিস্কুট কোম্পানির ডিস্ট্রিবিউটর। তিনি পরিবারের সবাইকে নিয়ে হাটহাজারী থানার মিরের হাট এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বাসার পাশে নতুন একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রি হিসেবে কাজ করার সময় জাহেদ প্রায়ই ওই ছাত্রীকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে কথা বলার চেষ্টা করত। এতে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রীর বাবা মেয়েকে মাদ্রাসার হোস্টেলে থাকার কথা বলে।
কিন্তু ওই ছাত্রী হোস্টেলে থাকতে রাজি না থাকায় পরেরদিন ৩ আগস্ট সকাল ৭টায় কাউকে কিছু না বলে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়।ভিকটিম বিভিন্ন রাস্তা ঘুরে হাটহাজারী বাসষ্ট্যান্ড এলে ওই ছাত্রীকে তার নানার বাড়িতে পৌঁছে দেওয়া আশ্বাস দিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
সেখান থেকে অসৎ উদ্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের ভিতরে ঢুকে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখায়। পরবর্তীতে আসামিরা ওই ছাত্রীকে নিয়ে দুপুরে বাসযোগে প্রথমে নিউমার্কেট পরে সিএনজিযোগে পাহাড়তলী বউবাজার আমতল এলাকায় আসে।
সে সময় ওই ছাত্রী কৌশলে আসামিদের কবল থেকে পালিয়ে একটি বাসায় আশ্রয় নেয়। পরে খবর পেয়ে গতকাল ৪ আগস্ট ওই বাসা থেকে অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
