নয়ন শীলঃ চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ আব্দুল হালিম ওরফে বাচ্চু (৩৮) ও মোঃ সাগর (৪২) নামের দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ২৮ জুলাই ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ নুরুল আবছার বলেন, বাঁশখালীর ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ২টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশি শক্তি হিসাবে কাজ করত; যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল হালিম ওরফে বাচ্চু (৩৮) উপজেলার খুদুকখালী গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে ও মোঃ সাগর (৪২) উপজেলার সোনাই বাপের বাড়ির আব্দুস সালামের ছেলে ।
