১৫ দিনের মধ্যে সালিশ নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রেখে গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার ২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৩ সালে যখন আইনটি করার সময় সালিশ নিষ্পত্তির সময়সীমা ছিল ৩০ দিন। এখন তা কমিয়ে ১৫ দিন করা হয়েছে।তখন আইনে ৭৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করার সীমা থাকলেও এখন এটা ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে।গ্রাম আদালতে একজন চেয়ারম্যান, দুই পক্ষ থেকে দুইজন দুইজন করে চারজন নিয়ে মোট ৫ জন সদস্য থাকবেন। সদস্য হিসেবে একজন নারী থাকবেন, বিশেষ করে অভিযোগকারী যদি নারী হন।
তিনি আরো বলেন, সংশোধনীতে এ আইনের কিছু বিষয় পরিমার্জন করা হয়েছে। সংশোধনীতে ‘নাবালক’ শব্দটির পরিবর্তে ‘শিশু’ কথাটি লেখা হয়েছে।শিশু আইনে শিশুর যে ডেফিনেশন আছে, সে অনুযায়ী শিশুকে ডেসক্রাইব করতে হবে।
