শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ির পাশে পুকুরে ডুবে ২২ মাস বয়সী শিশু মুসাব্বির আহমেদ সাদনানের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) উপজেলার বাগিচাপুর গ্রামে বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলছে, শিশুটির মা ময়না বেগম সোমবার দুপুরে পুকুরে গোসল শেষে বাড়িতে ফেরে। এরপর হঠাতই বুঝতে পারেন সন্তান মুসাব্বির নিখোঁজ। এরপর স্থানীয় লোকজন মিলে শিশুটিকে খুঁজতে থাকে।
শিশুটির মা ময়না বেগম বলছে, সাদনানকে ঘরে রেখে নিজেদের পুকুরে গোসল করতে যান তিনি। গোসল সেড়ে ঘরে ফেরার পরও সাদনান ঘরেই খেলছিলো।
তারপর থেকে তার অজান্তেই প্লাস্টিকের মগ হাতে করে শিশু সাদনান কখন পুকুরে চলে গেছেন বুঝতে পারেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরে প্লাস্টিকের মগের সাথে সন্তানকে ভাসতে দেখেন মা ময়না।
ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজনের সহযোগীতায় শিশু সাদনানকে উদ্ধার করলেও বাঁচাতে পারেননি তারা। শিশু সাদনান নালিতাবাড়ি গ্রামের কৃষক মাসুম বিল্লাহ ও ময়না বেগম দম্পতির সন্তান।
