ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা ঠিকাদার গাজী আনিস মারা গেছেন।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, গাজী আনিসের দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
জানা যায়, একটি কোম্পানির কাছ থেকে পাওনা টাকা না পেয়ে ক্ষোভে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ৪ জুলাই বিকালে প্রেস ক্লাবের ফটকের ভিতরের খোলা স্থানে নিজের গায়ে আগুন দেন তিনি। এসময় আশেপাশের মানুষজন ছুটে এসে পানি ঢেলে গায়ের আগুন নেভান।
কুষ্টিয়ার বাসিন্দা(৫০) গাজী আনিস ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।
