দেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।
আজ রবিবার ৩ জুলাই সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ঢাকার সাভারে ছাত্র কর্তৃক শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে শিক্ষকদের অপমান ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষক হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষক সুরক্ষা আইনের দাবি শিক্ষক সমাজের।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তমল দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চম্পানন চাকমা।
কর্মসূচি চলাকালে শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সারা দেশে শিক্ষক নির্যাতনের মহড়া চলছে। অবিলম্বে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শান্তির ব্যবস্থা করা জরুরি। শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা শাখার সভাপতি অংপ্রু মারমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক জিমি চাকমা, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুফ আদনান, সহকারি শিক্ষক সমিতির আঞ্চলিক সদস্য প্রিয় বসু ত্রিপুরা, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, সদর উপজেলা কমিটির সভাপতি আশা প্রিয় ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধনা চন্দ্র সেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীলিপ চাকমা ও সাবেক সভাপতি বিম্বীসার খীসা, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অমরেন্দ্র চাকমা।
এসময় সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।
মানববন্ধনে বক্তারা সাভার এবং নড়াইলে শিক্ষকদের উপর হামলাকারিদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি এবং অনতিবিলম্বে শিক্ষক সুরক্ষা আইনের দাবি করেন।
