মাদারীপুরের শিবচরে নামাজ শেষে খাট থেকে নামার সময় সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাবিকুন নাহার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মাদবরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বিছানা থেকে নামছিলেন তিনি। এ সময় খাটের নিচে থাকা সাপ তাকে পর পর দুটি কামড় দেয়। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপনের ফুপাতো ভাই ফিরোজুর রহমান বলেন, রাতে নামাজ পড়ে খাট থেকে নামার সময় ভাবিকে সাপে কামড় দেয়। তখনই তাকে নিয়ে মাদারীপুর রওনা হয় পরিবারের লোকজন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি জ্ঞান হারান।
ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ব্যাপারী বলেন, ‘নাহার নামাজ পড়ে খাট থেকে নামার সময় হয়তো সাপের ওপর পা পড়েছিল। তখনই তাকে একটি কামড় দেয়। তিনি সাপ দেখে পা নাড়লে দ্বিতীয়বার আবারও কামড় দেয় বলে শুনেছি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘সাপের কামড়ে এক নারী মারা গেছেন বলে জানাতে পেরেছি। আহত অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।’
