চট্টগ্রাম মহানগর যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল শেষে এক পক্ষের অতর্কিত হামলায় তিন যুবলীগ কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (৪ জুন) দুপুরের দিকে নগরীর মোমিন রোডের আজাদী গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, আকবরশাহ থানার যুবলীগ কর্মী সোহেল (২৮), রাসেল (২৮), ফয়জুল আকবর (২৫)। তারা চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও কয়েকজন।
জানা গেছে, বিবাদে জড়িয়ে পড়া দুই পক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশান ও সিআরবি জোড়া খুনের মামলার আসামি সাইফুল আলম লিমনের অনুসারী। দুইজনই চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী।
এ বিষয়ে নগর যুবলীগ নেতা গোলাম রসুল নিশান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজ সকালে নগর যুবলীগের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলাম কর্মীদের নিয়ে।
সমাবেশ শেষ করে নগরীর চেরাগী পাহাড় এলাকায় বসে থাকা অবস্থায় আমার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় লিমনের অনুসারীরা।
এতে আমাদের পাঁচ কর্মী আহত হয়। এদের মধ্যে তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, এখনও এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি ও হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি
