সীতাকুণ্ডে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) বিকালে তাকে গ্রেপ্তারের পর কোর্ট হাজতে চালান করা হয়। অভিযুক্তের নাম অংকর বিশ্বাস (১৫)। সে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার অর্পন বিশ্বাসের ছেলে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে কুমিরার লতিফা ছিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১৩) কে ডাব খাওয়ানোর কথা বলে কৌশলে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার বাসিন্দা অংকন বিশ্বাস। ঘটনার সময় ছাত্রীর মা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাবার কথা জানতে পেরে ফুসলিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষক পালিয়ে যায়। এতে মেয়েটির মা লাকী আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, মামলা দায়েরের পর আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। সেই সাথে মেয়েটিকেও ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
