ফটিকছড়িতে বিদ্যালয় থেকে ফেরার পথে নবম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করায় আসিফ ও মুন্না নামের দুই যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্ত আসিফ ঐ এলাকার জাহাঙ্গীর আলম এবং মুন্না সামশুল আলমের পুত্র।
জানা যায়, পাশ্ববর্তী হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিদিনের মত স্কুল শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আসিফ ও মুন্না মেয়েটির পথরোধ করে কুরুচিপূর্ণ ও অশালীন কথা বলে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারন করছিল।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে দুই যুবককে আটক করে। পরে পুলিশের কাছে সোপর্দ করেন । খবর পেয়ে ইউএনও ও নির্বাহী মেজিস্ট্রেট সাব্বির রাহমান সানি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ হাজার করে দুইজনকে ৩০ হাজার টাকার অর্থদন্ড দিয়ে ছেড়ে দেয়।
এই বিষয়ে জানতে চাইলে ইউএনও সাব্বির সানি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারা লংঘনের অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধ ভবিষ্যতে আর করবেনা মর্মে মৌখিক মুচলেকা দিয়ে ছাড়া হয় তাদের।
