বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১৭ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, গাড়িটি গাছ ছিরে ভেতরে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর থানার ওসি জানান, ঢাকা থেকে যমুনা লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। ভোররাতে বাসটি উজিরপুরের বামরাইল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাসে একটি গাছের সাথে আছড়ে পড়ে। এতে বাসের মধ্যে আটকা পড়ে যাত্রীরা। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে শিশুসহ ৮জন ঘটনা স্থলে নিহত হয়। পরে আরো কয়েকজন মারা গেছে।
ওসি বলেন, আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
