চট্টগ্রামের পাহাড়তলীতে শিল্প পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ১৬ জন শিল্প পুলিশের সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২) সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩) সহ আরও তিনজন।
আজ শনিবার (২১ মে) সকাল পৌণে ৯টায় সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, শিল্প পুলিশের একটি পিকআপে করে পুলিশ সদস্যরা কাট্টলী থেকে পুলিশ সুপারের কার্যালয় খুলশীতে যাচ্ছিলেন।
পথে সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে চলাচলকারী একটি বাস পুলিশের পিকআপটিকে ধাক্কা দেয়।
এতে শিল্প পুলিশের ১৬ জন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা করা হচ্ছে।
শিল্প পুলিশের এসআই মনির চট্টগ্রাম নিউজকে জানান, সাগরিকা স্টেডিয়ামের পাশে আমাদের শিল্প পুলিশের নতুন পুলিশ লাইন্স হচ্ছে।
সেখান থেকে একটি ট্রাকে করে আমাদের পুলিশ সদস্যরা খুলশি ১ নম্বরে আসার সময় সাগরিকা মোড়-পুলিশ বক্সের সামনে ৮ নং একটি লোকাল বাস মেরে দেয়।
এতে আমাদের ১৬ জন পুলিশ সদস্য আহত হয়। সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
