চট্টগ্রামের খুলশী থানার মাদক মামলায় জাফর আহম্মেদ (৫০) ও মোঃ শফিক (৩৭) নামের দুইজনকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার ১৯ এপ্রিল চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় প্রদান করেন।
এ বিষয়ে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, খুলশী থানার মাদক মামলায় জাফর আহম্মেদ ও মোঃ শফিক নামের দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কের গরীব উল্লাহ শাহ (র.) মাজারের প্রবেশমুখ থেকে ২০০ পিস ইয়াবাসহ জাফর আহম্মেদ (৫০) ও মোঃ শফিক (৩৭)কে আটক করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৩ সালের ১৩ নভেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয় । মামলায় মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করে আদালত।
সাজাপ্রাপ্ত আসামি জাফর আহম্মেদ (৫০) কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপ বাজার পাড়ার সৈয়দ আহম্মেদের ছেলে ও মোঃ শফিক (৩৭) একই এলাকার মিস্ত্রিপাড়ার মৃত মোঃ হাসেমের ছেলে ।
