রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১২টার ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে মিরপুর-১১ নম্বরের হিফ ইন্টারন্যাশনাল নামে একটি স্কুলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার ৫০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
