ছয় মাসের সন্তানকে নিয়ে এবারের নারী বিশ্বকাপ খেলতে গেছেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন এই ‘সুপার মম’। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের হাসি হাসতে পারেনি বিসমাহর দল পাকিস্তান।
নারী ওয়ানডে বিশ্বকাপের আজকের (৮ মার্চ) ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় জয়। অপরদিকে টানা দ্বিতীয় হারের শিকার হল পাকিস্তান।
টসে জিতে অজি অধিনায়ক মেগ ল্যানিং পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারে বিসমাহর দল তুলতে পারে ৬ উইকেটে ১৯০ রান। দলটির পক্ষে অধিনায়ক বিসমাহ ও ছয়ে নামা আলিয়া রিয়াজ অর্ধশতকের দেখা পেয়েছেন।
আলিয়া ৫৩ রানে আউট হলেও সুপার মম বিসমাহ ৭৮ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের এই অধিনায়ক ৯৬ বলে অর্ধশতক পূর্ণ করে প্যাভিলিয়নের দিকে নিজের বাচ্চাকে লক্ষ্য করে স্পেশাল উদযাপন করে। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যালানা ২টি উইকেট নেন।
লক্ষ্যে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বলে জয় তুলে নেয় অজিরা। ওপেনার অ্যালিসা হিলি ৭২ রান করে ম্যাচসেরা হন। হায়েন্স (৩৪ রান), ল্যানিং (৩৫) আউট হলেও এলিসা পেরি (২৬*) এবং বেথ মুনি (২৩*) চতুর্থ উইকেটে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল নেন ২টি উইকেট।
