পিরোজপুরের সদরে ট্রাকের ধাক্কায় মো. ফারুক হোসেন (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৪ মার্চ) রাতে সদর উপজেলার কলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পিরোজপুরগামী মালবাহী একটি ট্রাক কালিবাড়ি এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইককে পেছন থেকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থালেই মারা যান। অন্য পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, রাত সাড়ে ১০টার দিকে নিহতের পরিচয় জেনেছি। তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন।
চট্টগ্রাম নিউজ / এম এম
