আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষে জেলা সফরে চট্টগ্রাম আসছেন বিভাগীয় সংগঠনিক টিম।
আগামী ১৫ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিনিধি সভায় যোগ দিবেন কেন্দ্রীয় নেতারা। একই সাথে পরদিন ১৬ মার্চ কেন্দ্রীয় নেতারা উত্তর জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভায় যোগ দিবেন।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভায় ৩ হাজার এবং উত্তর জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভায় ৩ হাজার নেতাকর্মী ও নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেবেন। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রতিনিধি সভা।
দিনব্যাপী জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা শুনবেন তৃণমূলের নেতাকর্মীদের অভাব-অভিযোগের কথা।
এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, আগামী ১৫ মার্চ আমাদের দক্ষিণ জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হবে। এই প্রতিনিধি সভায় তৃণমূলের ৩ হাজার তৃণমূলের নেতাকর্মী উপস্থিত থাকবেন।
সভায় জেলা আওয়ামীলীগের কার্যকারী কমিটি, উপজেলা আওয়ামীলীগের কার্যকারী, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ, আওয়ামীলীগের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন সভায়।
এছাড়াও নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামীলীগের জনপ্রতিনিধিগন (উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান) উপস্থিত থাকবেন।
দুইদিনব্যাপী দুইজেলার তৃণমূলের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন-তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
এই ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত চট্টগ্রাম নিউজকে জানান, আগামী ১৬ মার্চ উত্তর জেলা আওয়ামীলীগের তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে জিইসি কনভেনশন সেন্টারে। ৩ হাজার তৃণমূলের নেতাকর্মী, আওয়ামীলীগের নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন সভায়। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামীলীগের শীর্ষ নেতারা তৃণমূলের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন।
