ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এই কথা জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ঐক্যবদ্ধ হয়ে রাশিয়াকে পাল্টা জবাব দিতে মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাইডেন। আজ স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় এই বৈঠক হবে।
এতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন দের লিয়েন, ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মাইকেল, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোল্জ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ন্যাটো মহাসচিরব জেন্স স্তোলতেনবার্গ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেক বাঘা বাঘা নেতা উপস্থিত থাকবেন।
ইউক্রেনে সশস্ত্র হামলা করায় রাশিয়ার ওপর আসছে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এরই মধ্যে জি-৭ রুশ প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন, বিশ্বের ধনী দেশগুলো নিয়ে গঠিত এই গ্রুপ মস্কোর ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে ‘একেবারে ঐক্যবদ্ধ’ রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের পর মিত্র দেশগুলোর সঙ্গে এই বৈঠকের ডাক দেন বাইডেন।
