স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসী থেকে এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বন্দর থানাধীন কলসী দীর্ঘি পূর্বপাড় এলাকায় অবস্থিত আর কেড্রাগ হাউস নামের একটি দোকানে নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এই ভুয়া ডাক্তার।
এ সময় ভুয়া ডাক্তারের কাছ থেকে তার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী ) এ তথ্য জানান র্যাব -৭ এর মিডিয়া অফিসার নুরুল আবছার ।
তিনি জানান, সোমবার (৩১ জানুয়ারি) রাতে কলসী দীঘি পূর্বপাড় আর কেড্রাগ হাউস নামে একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার মো. জালাল হোসেন (৩৪) কে আটক করা হয়। আটক ভুয়া ডাক্তার জালাল হোসেন বাগেরহাটের জেলার মোড়েলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার নুরুল আমিন হাওলাদারের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘ ৭বছর ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আর কেড্রাগ হাউস নামের দোকানটিতে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল।
আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।
