কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকান্ডের ঘটনাটি পূর্বপরিকল্পত ছিল বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। দেড় বছর আগের এই হত্যাকান্ডের রায় পড়ার শুরুতে এমন পর্যবেক্ষণ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টা ২৫ মিনিটে সিনহা হত্যার রায় পড়া শুরু করেন বিচারক। এর ৩০ মিনিটে আগে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে প্রিজনভ্যানে করে কক্সবাজার আদালতে আনা হয়। পরে লাইন ধরে তাদের নিয়ে যাওয়া হয় এজলাস কক্ষে, দাঁড় করানো হয় কাঠগড়ায়।
এরপর আসামিদের নাম ডাকার পর শুরু করেন তাদের সামনেই ৩০০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। আধা ঘণ্টা সারসংক্ষেপ পড়ার শুরুতে বিচারক পর্যবেক্ষণ দেন। পর্যবেক্ষণে সিনহা হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানান বিচারক।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে সিনহাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়।
