সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায়ের জন্য ধার্য সময়ে আদালতে হাজির করা হচ্ছে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামিকে।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের ডেপুটি জেলার মুনির হোসাইন।
তিনি বলেন, আসামিদের গাড়িতে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন।
এদিকে দুপুর ১ টা ৫৫ মিনিটে আসামিদের গাড়ি বহর পৌঁছে আদালত চত্বর।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যাব।
