ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম তাদের রেডিওথেরাপি সেবার সাফল্য ও অর্জন তুলে ধরতে একটি প্রেস মিটের আয়োজন করেছে। ২০২৩ সালের জুনে কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালুর পর থেকে এ পর্যন্ত ২৫০০-এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। একই সময়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ৬টি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।
ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। ক্যান্সারে আক্রান্ত প্রায় ৬০ শতাংশ রোগীর চিকিৎসার কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়, এবং এর মধ্যে প্রায় ৪০ শতাংশ রোগী যথাযথ রেডিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পান। ফলে ক্যান্সার চিকিৎসায় আধুনিক ও নির্ভুল রেডিওথেরাপি সেবা নিশ্চিত করা রোগীর চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে গত তিন বছরে ২,৫০০-এর বেশি রোগী এই সেবা গ্রহণ করেছেন।
চট্টগ্রাম ও আশপাশের জেলার ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ঢাকায় কিংবা দেশের বাইরে যেতে হতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই ২০২৩ সালের জুনে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চালু করা হয় এই অঞ্চলের প্রথম ও একমাত্র কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার। বর্তমানে সেন্টারটিতে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, হেমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং প্যালিয়েটিভ কেয়ারের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
রোগীর ক্যান্সারের ধরন, অবস্থান ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী এখানে রেডিওথেরাপির চিকিৎসা পরিকল্পনা করা হয়। প্রয়োজন অনুযায়ী IMRT, VMAT, হাইপোফ্র্যাকশনেটেড রেডিওথেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (SBRT) এবং স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি (SRT)-এর মতো আধুনিক রেডিয়েশন প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেবার মাধ্যমে জটিল রক্তরোগ ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডাঃ আরিফ মাহমুদ বলেন, “আধুনিক প্রযুক্তির পাশাপাশি ক্যান্সার চিকিৎসায় দক্ষ ও সমন্বিত মেডিকেল টিম গুরুত্বপূর্ণ। রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রেস মিটে প্রফেসর ডাঃ সাজ্জাদ মোহাম্মাদ ইউসুফ, ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বলেন, “চট্টগ্রামেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ২,৫০০-এর বেশি রোগীকে রেডিওথেরাপি দিতে পারা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অর্জন।”
ডাঃ তানভীর আহমেদ, কনসালট্যান্ট ও রেডিওথেরাপি সার্ভিস কো-অর্ডিনেটর বলেন, “ক্যান্সারের চিকিৎসায় রোগীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত চিকিৎসা গুরুত্বপূর্ণ। আমাদের সেন্টারে সেই সমন্বিত সেবাই নিশ্চিত করা হচ্ছে।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাঃ হাসান শাহরিয়ার কবির বলেন, “ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয় অত্যন্ত জরুরি। এভারকেয়ার চট্টগ্রামে রোগীদের জন্য সেই সমন্বিত চিকিৎসার সুযোগ তৈরি করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ডা. ভাস্কর চক্রবর্তী, ভিজিটিং কনসালট্যান্ট, মেডিকেল এন্ড রেডিয়েশন অনকোলজি; ডা. হাসনিনা আক্তার, কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি; ডাঃ নয়ন ভৌমিক, এটেন্ডিং কনসালট্যান্ট, মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি এবং ডা. মেজবা উদ্দিন চৌধুরী, কনসালট্যান্ট, হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার।
গত তিন বছরে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কমপ্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার উন্নত ক্যান্সার চিকিৎসাকে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের আরও কাছে নিয়ে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
