চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৩৪) ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদ হোসেন (৩৪) সিএনজি অটোরিকশা থেকে সড়কের ডান পাশে নামেন। ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক (নং চট্ট মেট্টো ট ১১-২২৩৬ চালক শাহীন আলম (৩২), পিতা শাহরাজ হোসেন, ৪নং ওয়ার্ড, ২৯৩ ছাগল খাইয়া, বান্দরবান) সিএনজিটিকে চাপা দিলে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন।
এসময় সিএনজি চালক সাইফুল ইসলামও আহত হন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়।
আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত জানান, আহত রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিলো। আমরা চমেক হাসপাতালে রেফার করছি।
সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক আমার গাড়িকে চাপা দেয়। এতে আমি আহত হই এবং যাত্রী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন।’
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে ভর্তি করা হলে সন্ধায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজি চালক সাইফুল ইসলাম সামান্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘ঘটনাটি জোরারগঞ্জ থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কনটেইনার ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।’
সড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং অনেক তাজা প্রাণ ঝরে গেছে। সড়কের বিভিন্ন বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। পাশাপাশি এক লেইনে সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ।
তিনি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা, স্পিড ব্রেকার এবং বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে দিকনির্দেশক আয়না (কনভেক্স মিরর) স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান।
তবে দুর্ঘটনায় জড়িত কনটেইনারটির চালকের পরিচয় এবং গাড়িটির বিস্তারিত তথ্য পুলিশ সূত্রে নিশ্চিত করা যায়নি।
চট্টগ্রাম নিউজ / এসডি/
