চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে নাসিরাবাদের সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, রেস্তোরাঁটির ডালডা, কিশমিশ, দুধ, মোরব্বা, তেল, মসলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপাদানে জীবিত ও মৃত তেলাপোকার উপস্থিতি রয়েছে। এসব উপাদানের আশপাশে ছারপোকাও দেখা যায়। এ ছাড়া রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে, এবং ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে আরও পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ এবং অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। রেস্তোরাঁটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।
এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।
চট্টগ্রামনিউজ/ এসডি/
