খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির পানিতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে মেরুং, কবাখালী ও বোয়ালখালীর বিভিন্ন নিচু এলাকা। দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে লংগদু’রসাথে সারাদেশের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা বিকল্প হিসেবে দেশীয় বোটে করে চলাচল করছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, কোথাও বসতঘরেও পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত ও গ্রীষ্মকালীন সবজির বিভিন্ন ফসলের মাঠ। হঠাৎ পানি বাড়ায় ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
স্থানীয়রা বলছেন, মাইনী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি না কমলে দুর্ভোগ আরও বাড়তে পারে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
