বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ শিলেরঝিড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
১১ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ফুলতলী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৪৮/১ এস ও শূন্যলাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারিকে সেখানে অবস্থান করতে দেখে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বস্তাটি তল্লাশি করে পাঁচ কাটে থাকা ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান বন্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
