বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯(বি)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৯ আগস্ট থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।
সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে নতুন কমিটির বিষয়টি জানানো হয়েছে।
কারা থাকছেন নতুন কমিটিতে?-
নতুন অ্যাডহক কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান, মো. মুজিবুর রশিদকে ভাইস চেয়ারম্যান এবং দেলোয়ার কবির খান সিদ্দিকীকে সেক্রেটারি করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন কাজী নিলুফা বেগম, মা শ্যামা নু, রাজময় তুষার, মোহাম্মদ ইসহাক, হুমায়ূন হক, পাইনচি, অ্যাডভোকেট মোহাম্মদ আলম ও তরণ কান্তি দাশ।
তিন মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি-
সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B (3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।
এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মানবিক কার্যক্রমে আসবে নতুন গতি-
বান্দরবান পার্বত্য অঞ্চলে দুর্যোগ, অসহায় মানুষের সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে বান্দরবান ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এখন নির্ধারিত তিন মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই নতুন অ্যাডহক কমিটির অন্যতম প্রধান দায়িত্ব।
চট্টগ্রাম নিউজ
