চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। দাদির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রবিবার (২ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্ত রোকনা বেগম (১৮) বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সফি মেম্বার বাড়ির বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিবের (১৮) স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২০ জুন রোকনা বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে শিশুটিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, নবজাতকটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।
শিশুটির দাদি ফিরোজা বেগম বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি জানান, ২৭ জুলাই তাকে ফোন করে নাতনির মৃত্যুর খবর দেওয়া হয়। পরদিন তিনি রোকনার বাবার বাড়িতে গিয়ে কবর দেখাতে বললে পরিবারের সদস্যরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এমনকি শিশুটির কবরও দেখাতে পারেননি। এতে তার সন্দেহ আরও দৃঢ় হয় এবং তিনি বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিশুটির দাদি ফিরোজা বেগমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করেছে। রবিবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
চট্টগ্রাম/ এসডি/
