কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া নগদ দেড় লাখ টাকা উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী রহিম উদ্দিন তার ব্যবসা বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিয়া পাড়ায় পৌঁছালে অভিযুক্ত ফারুক মিয়া ও মো. সাজ্জাদসহ অন্যান্যরা তার গতিরোধ করে মারধর করেন এবং তার সাথে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ফারুক মিয়া (৪২): পিতা- মৃত আলী মিয়া, সাং- মধ্যম শিয়া পাড়া, ঈদগাঁও, কক্সবাজার এবং
মো. সাজ্জাদ প্রঃ আব্বুইয়া (২৭): পিতা- মৃত জাফর আলম প্রঃ গফুর, সাং- দরগাহ পাড়া, ঈদগাঁও, কক্সবাজার।
ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশ শিয়া পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান এ দুই আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
