চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িটি থামানোর চেষ্টা করে। তবে হামলায় ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ রনি অক্ষত থাকলেও তার ব্যক্তিগত গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১২ টার দিকে উপজেলার মেখল ইউপির রহিমপুরস্থ চারাবটতলা এলাকায় হাটহাজারী-রাউজান সড়কের ওপর এঘটনা ঘটে।
এসএম শহিদুল্লাহ রনি বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে রনি তার প্রাইভেট গাড়ি (চট্টমেট্টো-ঘ ১১-২৫০০) চালিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি রাউজানের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত তার গাড়িতে ইট নিক্ষেপ করে গাড়িটি থামাতে বাধ্য করান। পরে হামলাকারীরা গাড়ির পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে এ ঘটনায় জড়িতদের সনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।
ভিকটিম এসএম শহিদুল্লাহ রনি জানান, কিছুদিন পূর্বেও কিছু দুর্বৃত্ত তারা বাসায় গিয়ে হামলা করেছিলো। এ ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।
জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের সাথে কথা বলে জেনেছি রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের সাথে তিনার দ্বন্দ রয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
