চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরের দামপাড়া ওয়াসা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযান চলাকালে খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোর মালিককে জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
