চট্টগ্রামের চকবাজার থানাধীন দামপাড়া বাগমনিরাম সিটি কর্পোরেশন স্কুলের সামনের পুকুর থেকে মো. ইউসুফ (৫২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২১ জুলাই মঙ্গলবার সকালে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর স্থানীয়রা জানান, মো. ইউসুফের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দারপুর এলাকায়। তিনি নগরীর ব্যাটারি গলি এলাকায় একাই থাকতেন। রাতে রিকশায় কিংবা মাজারে ঘুমাতেন।
পুলিশ জানায়, ইউসুফ বিভিন্ন সময়ে পুকুরটিতে এসে গোসল করতেন। অতীতে বিভিন্ন সময়ে মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পড়তেন। তার মৃগী রোগ থাকতে পারে বলেও পুলিশের ধারণা।
স্থানীয়রা জানান, সকালে দামপাড়া পল্টন রোডের বাগমনিরাম সিটি কর্পোরেশন স্কুলের সামনের পুকুর ইউসুফের মরদেহ ভাসতে দেখে পুলিশকে তারা খবর দেয়।
চকবাজার থানার এসআই প্রকাশ রায় জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। পরে ওই ব্যক্তির ভাই ও ছেলে এসে পরিচয় নিশ্চিত করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
