চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে স্থানীয়রা বেডিবাঁধের ব্লকে জোয়ারের পানিতে একটি লাশ আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ২ থেকে ৩ দিন আগের। উদ্ধার হওয়া ব্যক্তির গায়ে সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
